কিশোরগঞ্জের করগাঁও বাজারে অগ্নিকাণ্ডে ৫টি দোকান ও মালামাল পুড়ে ছাই-১৯ লক্ষাধিক টাকার ক্ষতি

প্রকাশিতঃ মার্চ ২৫, ২০২৬, ১১:৪৭

মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও বাজারে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫টি দোকান ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাতে উপজেলার করগাঁও বাজারে শেষ রাতের কোনো একসময় আগুন লাগার ঘটনা ঘটে।

গভীর রাতে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন প্রথমে কটিয়াদী, পরে নিকলী ফায়ার সার্ভিসকে জানায়। পরে দুইটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ঘটনায় অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

জানা গেছে, উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদের সামনে অবস্থিত বাজারে লেপ-তোষকের দোকানসহ আশপাশের কয়েকটি দোকানে আগুন দেখে বাজারের পাহারাদার ডাকচিৎকার শুরু করে। আশপাশের লোকজন আগুন নেভাতে ছুটে আসে। সংবাদ পেয়ে তাদের সঙ্গে নিকলী ও কটিয়াদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনে একটি লেপ-তোষকের দোকান, একটি স্বর্ণের দোকান, একটি কসমেটিক্সের দোকান, একটি সেলুন ও একটি ওষুধের দোকান মালামালসহ পুড়ে যায়।

আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে স্থানীয়রা ধারণা করে জানান, গত রাতে বৃষ্টি ও বাতাস ছিল। বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা মিষ্টির দোকানের চুলার আগুন থেকে বাতাসে ছড়িয়ে আগুনের সূত্রপাত হতে পারে।

কটিয়াদী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. রুস্তম আলী জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। নিকলী থেকে একটি ইউনিট আমাদের সঙ্গে যোগ দেয়। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় দেড় ঘণ্টা সময় লাগে। আনুমানিক ১৯ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।