তারাকান্দায় ক্রিকেট খেলা নিয়ে বিরোধ: দোকানিকে পিটিয়ে হত্যার ঘটনায় নারীসহ গ্রেফতার ৬

প্রকাশিতঃ মার্চ ২৪, ২০২৬, ১৬:০০

ময়মনসিংহের তারাকান্দায় বাড়ির পাশে ক্রিকেট খেলতে নিষেধ করায় ফখর উদ্দিন (৫৫) নামে এক মুদি দোকানিকে পিটিয়ে হত্যার ঘটনায় ৪ নারীসহ ৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে নিহতের ছেলে জাকিরুল ইসলাম বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করে তারাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
​গ্রেপ্তারকৃত আসামিরা হলেন:
উপজেলার কাকনি ইউনিয়নের বাসিন্দা নুর ইসলাম হক হীরা (২২), শাহাদাত হোসেন (২৫), লাইলী বেগম (৪৯), মনোয়ারা খাতুন (৪০), রাবিয়া খাতুন (৪০) এবং নুরজাহান বেগম (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার কাকনি ইউনিয়নের বগিরপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ফখর উদ্দিন ওই এলাকার মৃত আমছর আলীর ছেলে। বাড়ির পাশেই তার একটি মুদি দোকান ছিল। দোকানের পাশের খালি জায়গায় এলাকার ছেলেরা নিয়মিত ক্রিকেট খেলত। ঘটনার দিন ক্রিকেট বল বারবার দোকানে আসায় বিরক্ত হয়ে ফখর উদ্দিন ছেলেদের দূরে গিয়ে খেলতে বলেন।
​এই নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় প্রতিপক্ষের লোকজন ফখর উদ্দিনকে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজ মঙ্গলবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে বিকেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
​তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, “ঘটনার পর রাতেই অভিযান চালিয়ে জড়িত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের আগামীকাল বুধবার আদালতে পাঠানো হবে।”