স্টাফ রিপোর্টার : ট্রেনের সঙ্গে সংঘর্ষে বাসের ১২ যাত্রী নিহত হয়েছে। এছাড়া অপর দুই জেলায় সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছে। কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় ১২ জন, ফেনীতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরবাইকের ত্রিমুখী সংঘর্ষে তিনজন এবং হবিগঞ্জে বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
শনিবার (২১ মার্চ) মধ্যরাতে ও রবিবার (২২ মার্চ) সকালে এসব দুর্ঘটনা ঘটে। কুমিল্লায় রেলক্রসিংয়ে উঠে পড়া একটি বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষ ঘটে। আহত হয়েছেন অন্তত ১০ জন। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, দুইজন নারী ও তিনজন শিশু রয়েছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লা নগরীর পদুয়ার বাজার রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটি এক কিলোমিটার কচুয়া চৌমুহনী এলাকায় গিয়ে থেমে যায়।ট্রেনের মাথায় বাসটি আটকে ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ওয়ান আপ ট্রেন কুমিল্লা নগরীর পদুয়ার বাজার রেল ক্রসিং এলাকা অতিক্রম করছিলো। এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রাম অভিমুখী মামুন স্পেশাল পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে।
খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
ট্রেনের যাত্রী ও স্থানীয়রা অভিযোগ করেন, রেলগেইটের সিগন্যাল ম্যানের অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা পর ট্রিপল নাইনে অনেকবার ফোন দিলেও কেউ রেসপন্স করেনি। এ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. ইদ্রিস জানান, পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে সিগন্যাল না থাকার কারণে বাসটি রেললাইনে উঠে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি।
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় পিকআপ ভ্যান ও বাসের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আঞ্জুরা নামক স্থানে এই ঘটনা ঘটে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মাধবপুরে পিকআপভ্যান ও বাসের সংঘর্ষ হয়েছে। এরপর পিকআপ ভ্যানটি পাশে থাকা পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা পিকআপ ভ্যানে থাকা ৪ জনকে উদ্ধার করে মাধবপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ফেনী জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এতে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন গুরুতর আহত হয়েছেন। রবিবার ভোর পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
ট্রেনের ঘায়ে বাসের ১২সহ অপর ২ জেলা মিলে প্রাণ গেল ১৯ জনের
প্রকাশিতঃ মার্চ ২২, ২০২৬, ১০:৩৮