ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাদের অনুপস্থিতির কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট বিভাগের কোনো কর্মকর্তা স্থায়ীভাবে ভালুকায় অবস্থান করেন না; তারা সবাই ময়মনসিংহ শহরে অবস্থান করেন এবং সপ্তাহে মাত্র একবার এলাকায় এসে দায়সারা তদারকি করে চলে যান।
এর ফলে উপজেলার গুরুত্বপূর্ণ স্থান ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনার স্তুপ অপসারণ করা হচ্ছে না। এতে করে পরিবেশ দূষণ বাড়ছে এবং পথচারী ও যাত্রীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, প্রতিদিন হাজারো মানুষ এই বাসস্ট্যান্ড ব্যবহার করলেও পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের দিকে কোনো নজর নেই। দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে জনস্বাস্থ্যের ঝুঁকিও বাড়ছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। নিয়মিত তদারকি এবং স্থায়ীভাবে কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করা হলে এ সমস্যার সমাধান সম্ভব বলে মনে করছেন তারা।
ভালুকায় সড়ক ও জনপথ বিভাগের তদারকির অভাব, বাসস্ট্যান্ড এলাকায় আবর্জনার স্তুপ
প্রকাশিতঃ মার্চ ২১, ২০২৬, ১৫:৫৩