কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: সোহেল রানা: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাজীবাড়ি সংলগ্ন এলাকার মাটিয়া কলোনিতে ঘন বসতবাড়ি ও একটি মসজিদ অবস্থিত একটি ঝুট মিলের তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ মার্চ) বেলা আনুমানিক ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ হাকিম উদ্দিনের ছেলে নজরুলের মালিকানাধীন গোডাউনটিতে ৩৩ কেভি বৈদ্যুতিক লাইনের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং গোডাউনে মজুদ থাকা বিপুল পরিমাণ তুলা দাউ দাউ করে জ্বলতে থাকে।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টার নিরবচ্ছিন্ন প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।
গোডাউনের মালিক নজরুল জানান, অগ্নিকাণ্ডে তার প্রায় এক কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ ইফতেখার রায়হান চৌধুরী বলেন, তিনটি ইউনিট একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। আমরা ঘটনাস্থলে পরবর্তী কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নির্ণয়ে ফায়ার সার্ভিসের তদন্ত অব্যাহত রয়েছে।