ঢাকা বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকার ও ইলেকট্রনিক্স ডিভাইসহ ০১ জনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ

প্রকাশিতঃ মার্চ ১৪, ২০২৬, ১৭:১৮

স্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৯৮.৩ (চারশত আটানব্বই দশমিক তিন) গ্রাম স্বর্ণালংকার , ০৬ টি মোবাইল ফোন ও ৩টি ল্যাপটপসহ রাসেল আহমেদ (২৯) নামের একজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। অদ্য ১৪/০৩/২০২৬ খ্রি. সকাল ০৯.৪৫ ঘটিকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী ক্যানোপি-১ এর বাহিরে পাকা রাস্তার উপর হতে রাসেল আহমেদ (৩০) নামীয় একজন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে সু-কৌশলে পালানোর চেষ্টা করলে এয়ারপোর্ট এপিবিএন সদস্যরা তাকে আটক করেন। আটককৃত ব্যক্তিকে এপিবিএন অফিসে নিয়ে এসে শরীর তল্লাশি করলে তার নিকট থাকা কাঁধব্যাগ থেকে উপরোক্ত মালামাল উদ্ধার করে জব্দতালিকা মূলে জব্দ করা হয়। প্রাপ্ত স্বর্ণালংকার ও ইলেকট্রনিক্স ডিভাইস এর আনুমানিক বাজার মূল্য সর্বমোট আনুমানিক মূল্য ১,০৬,৪১,৯১০/- (এক কোটি ছয় লক্ষ একচল্লিশ হাজার নয়শত দশ) টাকা। উল্লেখ্য যে, স্বর্ণালঙ্কারগুলোর মান ২১/২২ ক্যারেট।

ধৃত আসামী রাসেল আহমেদ (৩০) কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উদ্ধারকৃত স্বর্ণালঙ্কার ও মালামাল সমূহ বিভিন্ন দেশ হতে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনয়ন করেন। আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেট এর সাথে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছে বলে জানা যায়। ধৃত রাসেল আহমেদ (৩০) এর বিরুদ্ধে বিমানবন্দর থানায় অদ্য ১৪/০৩/২০২৬ খ্রি. একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। ধৃত আসামী অজ্ঞাতনামা যাত্রীদের সহযোগীতায় পরস্পর যোগসাজসে অবৈধ পন্থায় সরকারকে রাজস্ব কর ফাঁকি দিয়ে স্বর্ণালংকার আনয়ন করে নিজ হেফাজতে রেখে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫ বি এর ১ (বি) ধারায় অপরাধ করেছে।

এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক জানান, “এয়ারপোর্ট এপিবিএন বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে সব সময়ই সক্রিয় ভূমিকা রাখে। স্বর্ণ ও মাদক চোরাচালানের অপতৎপরতা রোধে এয়ারপোর্ট এপিবিএন সব সময়ই বদ্ধপরিকর। বিমানবন্দর ব্যবহার করে যেকোন চোরাচালান রোধে আমাদের কার্যক্রম বরাবরের মতোই অব্যাহত থাকবে।”