বাংলাদেশিদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল শিলিগুড়ির হোটেল মালিকরা

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১৫:১৯

জনতা ডেস্ক: বাংলাদেশি নাগরিকদের কাছে হোটেল ভাড়া দেওয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গের শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীদের সংগঠন। বাংলাদেশে কথিত রাজনৈতিক অস্থিরতা ও ভারত বিরোধীতার কারণে ২০২৪ সালের ৯ ডিসেম্বর বাংলাদেশি পর্যটকদের ওপর ওই নিষেধাজ্ঞা আরোপ করেছিল শিলিগুড়ির হোটেল মালিকরা, যা ২০২৫ সালের ডিসেম্বরে ভিসা কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার পর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞায় রূপ নেয়।সোমবার (২৩ ফেব্রুয়ারি) গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (জিএসএইচডব্লিউএ) এক বিজ্ঞপ্তিতে ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে।বিবৃতিতে জিএসএইচডব্লিউএ-এর জয়েন্ট সেক্রেটারি উজ্বল ঘোষ বলেন, ‘গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার গঠনের পর সাম্প্রতিক ইতিবাচক কূটনৈতিক পরিবর্তনের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উভয় সরকার কর্তৃক সম্প্রতি আন্তঃসীমান্ত ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করার প্রেক্ষিতে শিলিগুড়িজুড়ে অ্যাসোসিয়েশনের সদস্যভুক্ত হোটেলগুলোতে বাংলাদেশি নাগরিকদের অবস্থান করা সংক্রান্ত সব ধরনের নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ তাৎক্ষণিকভাবে তুলে নেওয়া হয়েছে।’তিনি আরও জানান, ‘বর্তমান পরিস্থিতি পুনর্মূল্যায়নের পর জিএসএইচডব্লিউএ সদস্য হোটেল মালিকদের মাঝে আনুষ্ঠানিকভাবে ভোটাভুটির আয়োজন করে। ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠ সদস্য পুনরায় বাংলাদেশিদের জন্য হোটেল বুকিং শুরু করার পক্ষে মত দেন।’তবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পাশাপাশি জিএসএইচডব্লিউএ সতর্ক করে বলেছে, ভবিষ্যতে ভারতের প্রতি অসম্মানজনক বা উসকানিমূলক কোনো ঘটনার পুনরাবৃত্তি হলে প্রয়োজন হলে আবারও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
প্রসঙ্গত, প্রতিবছর অনেক বাংলাদেশি শিক্ষা, পর্যটন ও চিকিৎসার জন্য শিলিগুঁড়ি যান। এসব বাংলাদেশি জিএসএইচডব্লিউএ-এর সদস্য ২৫০টি হোটেল এবং এই সংগঠনের বাইরে থাকা আরও ৫০টিও বেশি হোটেলে অবস্থান করেন। স্থানীয় পর্যবেক্ষকরা মনে করছেন, নিষেধাজ্ঞার তুলে নেওয়ার সিদ্ধান্ত দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ও শিলিগুড়িতে বাংলাদেশি পর্যটকদের আগমন স্বাভাবিক হবে।