আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজের অগ্রযাত্রায় সাবেক শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রত্যয়

প্রকাশিতঃ মে ১২, ২০২৬, ১০:৩৪

স্টাফ রিপোর্টার

রাজধানীর মতিঝিল উপকণ্ঠে আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজ সাবেক শিক্ষার্থী ফোরামের উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মহোদয়ের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে প্রিন্সিপালের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎ অনুষ্ঠানে স্কুলের অন্যান্য শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।
এসময় ফোরামের নেতৃবৃন্দ ও সদস্যদের সঙ্গে অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রিন্সিপাল মহোদয় সাবেক শিক্ষার্থীদের এই সংগঠন গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সাবেক শিক্ষার্থীদের এমন ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম শিক্ষাপ্রতিষ্ঠানের অগ্রগতি, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এসময় সাবেক শিক্ষার্থী ফোরামের নেতৃবৃন্দ শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি ভবিষ্যতে স্কুল ও কলেজের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
আলোচনা শেষে সাবেক শিক্ষার্থী ফোরামের পক্ষ থেকে প্রিন্সিপাল মহোদয়ের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। পরে উপস্থিত সকলের অংশগ্রহণে এক আন্তরিক ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।