জিয়ানগরে অভিযান চালিয়ে ৫ লাখ পিচ মাছের পোনা জব্দ

প্রকাশিতঃ মে ১১, ২০২৬, ১৬:২৫

এস,এম সিপার, পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের জিয়ানগর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ পিস ভাটা মাছের পোনা জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। রোববার ( ১০মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাড়েরহাট নৌ-ফাড়ী পুলিশের সহায়তায় পাড়েরহাট আবাসন এলাকার একটি পুকুর থেকে এসব পোনা জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন নদী ও বড় বড় খাল থেকে বিভিন্ন প্রজাতির মাছের পোনা আহরণ করে অবৈধভাবে রাতের আঁধারে পাচার করে ব্যবসা চালিয়ে আসছে। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসেও একই স্থান থেকে ৫০ হাজার পিস মাছের পোনা জব্দ করা হয়েছিল। এ চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, আবাসন এলাকা ও পাড়েরহাট নৌ পুলিশ ফাঁড়ির দূরত্ব মাত্র ৫০০ মিটারের মতো হলেও কীভাবে সংশ্লিষ্ট চক্রটি দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এ অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এদের শক্তির উৎস কোথায়, কারা তাদেরকে পৃষ্ঠপোষকতা করছেন? দ্রুত তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এলাকাবাসী।

এ বিষয়ে জিয়ানগর উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবাসনের পুকুর থেকে প্রায় ৫ লাখ পিস ভাটা মাছের পোনা জব্দ করেছি । পরে জব্দকৃত পোনা স্থানীয় জলাশয়ে অবমুক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, অবৈধভাবে মাছের পোনা আহরণ ও পরিবহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।