সরিষাবাড়ীতে কিশোরীর অনশন, বিয়ের দাবিতে উত্তেজনা

প্রকাশিতঃ এপ্রিল ১৩, ২০২৬, ১৫:৫০

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এক কিশোরীর (১৫) বিয়ের দাবিতে অনশনকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার চৌধুরী মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার চৌধুরী মোড় এলাকার সাগর মিয়া নামে এক যুবক ২০২৪ সালে এসএসসি পাস করার পর পড়াশোনা ছেড়ে দিয়ে বর্তমানে স্বর্ণকারের কাজ করছেন। প্রায় আট মাস আগে একই উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাটাবুগা গ্রামের এক নবম শ্রেণির শিক্ষার্থীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
এরই ধারাবাহিকতায়, সম্প্রতি ওই কিশোরী বিয়ের দাবিতে পঞ্চমবারের মতো অনশনে বসেছেন। গত শনিবার থেকে তিনি প্রেমিকের বাড়ির পাশের কাইঞ্চা মিয়ার বাড়িতে স্থানীয় মাতব্বরদের সিদ্ধান্তে অবস্থান নিয়ে অনশন করছেন বলে জানা গেছে।
কিশোরীর অভিযোগ, পারিবারিক ও স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ও তার মা- খালু এবং খালাত ভাই এর বাধার কারণে তাদের বিয়ে সম্পন্ন হচ্ছে না। এ অবস্থায় তিনি বিয়ের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন বলে জানিয়েছেন।
এদিকে, কিশোরী সাংবাদিকদের কাছে আত্মহানির ইঙ্গিত দিয়েছেন বলেও জানা গেছে, যা নিয়ে এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয় সচেতন মহলের মতে, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। বাল্যবিবাহ প্রতিরোধ আইনসহ সংশ্লিষ্ট আইনগত দিক বিবেচনায় এনে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।
এ বিষয়ে জানতে চাইলে পোগলদিঘা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. লাল মিয়া বলেন, “বিষয়টি আমার জানা নেই, তবে খোঁজ নিয়ে দেখছি।”
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন জানান, “এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।