কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জুলাই যোদ্ধাকে ছুরিকাঘাতে মারাত্মক জখম

প্রকাশিতঃ এপ্রিল ১৩, ২০২৬, ০৪:৩৩

 

মোঃ মিজানুর রহমান
কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বন্ধুকে থাপ্পর মারার প্রতিবাদ করায় পাপন(১৯) নামে এক জুলাই যোদ্ধাকে ছুরিকাঘাতে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা।

শনিবার ১১ এপ্রিল রাত ৮ টার দিকে উপজেলা সদর বাজারের পাকুন্দিয়া-মির্জাপুর সড়কে এ ঘটনা ঘটে।

আহত পাপন পৌর সদরের লক্ষীয়া গ্রামের খোকন মিয়ার ছেলে। তিনি একজন জুলাই যোদ্ধা। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা শংকাটাপন্ন বলে জানিয়েছে স্বজনরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধার দিকে পাপনের বন্ধু রাজনের সঙ্গে মোবাইল কেনাবেচা নিয়ে ঝগড়া হয় চর পাকুন্দিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে পারভেজ ও মাসুম মিয়ার ছেলে ইমরানের। এক পর্যায়ে রাজনকে থাপ্পর মারে পারভেজ। পাপন এর প্রতিবাদ করায় তার সঙ্গেও ঝগড়া হয় তাদের । এর জেরে রাত ৮টার দিকে পারভেজ ও ইমরানের নেতৃত্বে কয়েকজন যুবক পাপনের উপর অতর্কিত হামলা চালায়।

একপর্যায়ে পারভেজ তাকে ছুরিকাঘাত করে । তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ হাসপাতালে পাঠায়। অবস্থা আশংকাজনক হওয়ায় সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে পৌর বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক শাহান শাহ বলেন, পারভেজ ও ইমরানসহ একটি দল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক, চুরি, ছিনতাই ও চাদাবাজিসহ নানা অপকর্ম করে আসছে। গতকাল একজন জুলাই যুদ্ধা পাপনকেও ছুরিকাঘাত করে মারাত্নকভাবে আহত করেছে তারা। আমি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পারভেজ ও ইমরান নামে দুই যুবক এ ঘটনায় জড়িত থাকার প্রমান পাওয়া গেছে। এ বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে জড়িতদের গ্রপ্তারের চেষ্টা চলছে।