মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক নদীতে পড়ে গেছে। এ ঘটনায় ট্রাকের নিচে চাপা পড়ে আপন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
উপজেলার পাটুলী ফেরিঘাটে শনিবার বিকালে এ ঘটনা ঘটে।
নিহত আপন উপজেলার শাহপুর গ্রামের ইস্রাফিল মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকালে পাটুলীঘাট থেকে ফেরিতে ওঠার চেষ্টা করছিল একটি মালবাহী ট্রাক। এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি উল্টে সরাসরি নদীতে পড়ে যায়। সেসময় ঘাটে থাকা আপন ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লা বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করে বলেন, “একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেলে ট্রাকচাপায় আপন নামের এক যুবককের মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে।”