নরসিংদীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি

প্রকাশিতঃ এপ্রিল ৮, ২০২৬, ১৬:৪৭

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে বিপুল পরিমান শিক্ষা উপকরণ ও মালামাল চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (৭ এপ্রিল) গভীর রাতে সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

জানা গেছে, চোরের দল বিদ্যালয়ের বারান্দার গ্রীল কেটে শিশুদের অনলাইন শিক্ষাদানের জন্য ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর, স্পীকার, এলইডি মনিটর, ৪ টি সিলিং ফ্যান, টেবিল ফ্যান, সিসি ক্যামেরা, ছুটির কাজে ব্যবহৃত পিতলের ঘন্টা চুরির পাশাপাশি বিদ্যালয়ের জরুরি কাগজপত্র তছনছ করে দিয়েছে। এছাড়াও স্কুলের নিরাপত্তার জন্য লাগানো সিসি ক্যামেরা ও সিসি ক্যামেরার ডিভিআরও চোরের দল নিয়ে যায়। ফলে বিদ্যালয়টির ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান করছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাবিকুন্নাহার জানান, ভগীরথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়টিতে ১৮২জন শিক্ষার্থী রয়েছে। সুনামের সাথেই শিশু শিক্ষার্থীদের পাঠদান করে আসছে এই প্রতিষ্ঠানটি। ফলে সরকারী এই প্রতিষ্ঠানে পাঠদানের জন্য ল্যাপটপ, প্রজেক্টরসহ বিভিন্ন ইলেক্টনিক সামগ্রী ব্যবহৃত হতো। পাশাপাশি সিলিংফ্যান, টেবিলফ্যান ছিল ক্লাসরুমসহ প্রধান শিক্ষকের কক্ষে। বুধবার নির্ধারিত সময়ে বিদ্যালয়ে এসে দেখতে পায় মঙ্গলবার রাতের কোন এক সময় দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বিদ্যালয়টির অবস্থান ঢাকা-সিলেট মহাসড়কের পাশে হওয়ায় সিসিটিভি ক্যামেরাও স্থাপন করা ছিল, চোর চক্রটি চুরির পাশাপাশি বিদ্যালয়ে স্থাপনকরা সিসি ক্যামেরাও খুলে নিয়ে যায়। এতে করে সরকারী এই বিদ্যালয়টির প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি মাধবদী থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
এব্যাপারে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, চুরির ঘটনায় বিদ্যালয় কতৃপক্ষ একটি লিখিত অভিযোগ দিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।