ভালুকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার মোটরসাইকেল চালককে জরিমানা

প্রকাশিতঃ এপ্রিল ৭, ২০২৬, ১০:৫৮

ভালুকা থেকে তমাল কান্তি সরকারঃ ময়মনসিংহের ভালুকা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ জন মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসাইনের নেতৃর্ত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে সড়কে চলাচলকারী মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন থামিয়ে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। এ সময় যেসব চালকের কাছে বৈধ ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন কাগজপত্র ছিল না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং ৪ জন মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসাইন জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্ঘটনা কমানোর লক্ষ্যে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। অনেক মোটরসাইকেল চালক প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে না রাখায় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী তাদের জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, জনসচেতনতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সকল চালককে নিরাপদ চলাচল নিশ্চিত করতে বৈধ কাগজপত্র সঙ্গে রাখার আহ্বান জানান।
স্থানীয়দের মতে, নিয়মিত এ ধরনের অভিযান সড়কে অব্যাহত থাকলে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার সংখ্যা কমবে।