মো.নূর আলম ভূইয়া,ডেমরা
রাজধানীর ডেমরায় সড়কের দু’পাশে অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করেছে পুলিশ। ডেমরা জোনের এসি পেট্রল মো. নুর হোসেনের নেতৃত্বে ও থানা পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় সোমবার (৬-এপ্রিল)দূপুরে কোনাপাড় থেকে ফার্মের মোড় সড়কের দু’পাশে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় গুরুত্বপূর্ন ওই সড়কের দু’পাশের অন্তত ৪ শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করে পুলিশ। এতে সড়কে শান্তি-শৃঙ্খলা ফিরে আসে বলে এলাকাবাসী পুলিশের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন বলেন,বিগত বেশ কয়েক বছর ধরে কোনাপাড়া-ফার্মের মোড় সড়কটির দু’পাশে স্থানীয় প্রভাবশালীরা অবৈধ দোকানপাট বসিয়ে চাঁদাবাজি করে আসছিলেন। এতে সড়কে দীর্ঘ যানজটসহ প্রতিবন্ধকতা লেগেই থাকতো। একদিকে মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত, অন্যদিকে অভ্যন্তরীণ খালের দু’পাশও দখল করে দোকানের আবর্জনায় খাল ভরাট করে নাব্যতা নষ্ট করা হচ্ছে। এতে সামান্য বৃষ্টিতেই সড়কটিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। তাই জনগনের প্রত্যাশা ও সরকারি নির্দেশনা অনুযায়ী সোমবার পুলিশ অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করে।