ভালুকা থেকে তমাল কান্তি সরকারঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার বন বিভাগের রেঞ্জের আওতাধীন হবিরবাড়ি ও কাদিগড় বিট এলাকায় মাটির শ্রেণী পরিবর্তন ও বনের দাবীকৃত জমি থেকে অবৈধভাবে মাটি কাটার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। অভিযোগ উঠেছে, প্রভাবশালী ভূমিদস্যু চক্র দীর্ঘদিন ধরে এসব এলাকায় বনভূমির জমি দখল করে মাটি কেটে বিক্রি করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হবিরবাড়ি ও কাদিগড় বিটের বিভিন্ন স্থানে রাতের আঁধারে একাধিক এক্সকাভেটর দিয়ে মাটি কেটে ট্রাকযোগে বিক্রি করা হচ্ছে। এতে একদিকে যেমন বনভূমির পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে, অন্যদিকে সরকারি সম্পদ লুটপাটের মাধ্যমে রাজস্ব ক্ষতিও হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের কিছু অসাধু ব্যক্তির যোগসাজশে এসব কার্যক্রম চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে ভূমিদস্যুরা।
এ বিষয়ে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসী দ্রুত এই অবৈধ মাটি কাটা বন্ধে প্রশাসনের জোরালো হস্তক্ষেপ এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ভালুকায় বনের জমি কেটে মাটি বিক্রি, ভূমিদস্যুদের দৌরাত্ম্য
প্রকাশিতঃ এপ্রিল ৫, ২০২৬, ০৮:৪৩