ভালুকা থেকে তমাল কান্তি সরকারঃ
ময়মনসিংহের ভালুকা সাব-রেজিস্ট্রি অফিস থেকে প্রতি বছর শতশত কোটি টাকা রাজস্ব আদায় হলেও নেই কোনো নিজস্ব ভবন বা প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা। দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ একটি পরিত্যক্ত ভবনে কার্যক্রম পরিচালনা করতে হয়েছে এই গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরকে।
জানা গেছে, অফিসটির নিজস্ব কোনো ভবন তো নেই-ই, এমনকি কর্মকর্তাদের জন্য নেই কোনো নির্ধারিত অফিস কক্ষ বা সরকারি যানবাহনের ব্যবস্থাও। ফলে সেবা কার্যক্রম পরিচালনায় প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে কর্মকর্তা-কর্মচারী ও সেবা নিতে আসা সাধারণ মানুষকে।
পরবর্তীতে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হলে, বাধ্য হয়ে কর্তৃপক্ষ বর্তমানে প্রতি মাসে প্রায় ৪০ হাজার টাকা ভাড়ায় একটি ভবন নিয়ে অফিসের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে ভাড়া করা ভবনেও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ঘাটতি রয়েছে বলে অভিযোগ রয়েছে।
সচেতন মহল মনে করছেন, বিপুল রাজস্ব আদায়কারী এ ধরনের একটি গুরুত্বপূর্ণ দপ্তরের জন্য দ্রুত নিজস্ব আধুনিক ভবন নির্মাণ করা জরুরি। এতে একদিকে যেমন সেবার মান বৃদ্ধি পাবে, অন্যদিকে রাজস্ব আদায়ের কার্যক্রমও আরও গতিশীল হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী ও সেবা গ্রহীতারা।
ভালুকা সাব-রেজিস্ট্রি অফিস: কোটি টাকার রাজস্ব আদায় হলেও নেই কোন নিজস্ব সরকারী ভবন-সুবিধা
প্রকাশিতঃ এপ্রিল ৫, ২০২৬, ০৬:২৯