নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পলাশে প্রতিবেশীর গাছের ডাব পারা নিয়ে দ্বন্ধের জেরে মামুন (২০) নামে এক তরুণকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলার ডাংগা ইউনিয়নের গালিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মামুন গালিমপুর গ্রামের মৃত আব্দুল আব্দুল মোমেন মিয়ার ছেলে। সে পেশায় অটোরিকশা চালক ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত আজিজুল (৩৫) একই গ্রামের ইসমাইলের ছেলে।
পুলিশ জানান, ডাংগা ইউনিয়নের গালিমপুর গ্রামে দুই দিন আগে গাছের ডাব পারার কথা বলে রাবেয়া নামে এক প্রতিবেশী ফুফু মামুনকে তার বাসায় ঢেকে নিয়ে যায়। পরে রাবেয়া তাকে দিয়ে তাদের এবং প্রতিবেশী আজিজুলের গাছ থেকে ডাব পারায়। এই ডাবগুলো একসাথে করে রাবেয়া ও প্রতিবেশী আজিজুলের পরিবারকে ভাগবাটোয়ারা করে দেওয়া হয়। এ নিয়ে তাদের মধ্যে আজিজুলের কথা-কাটাকাটি। পরে মামুনের বাড়িতে গিয়ে ঘরের টিন ও অটোরিকশা ভাঙচুর করে আজিজুল। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার স্থানীয় গণমান্য ব্যক্তিরা আপোষ মিমাংসা করতে আসলে আজিজুলের পক্ষ থেকে মানা হয়নি। পরে আজ শুক্রবার বেলা ১১ টায় মামুনকে ডেকে নিয়ে বাড়ির পাশের এক ইটভাটার পশ্চিম পাশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মামুনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
পলাশ থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত মামুনের মরদেহ নরসিংদী সদর হাসপাতালে আছে, সেখানে ময়নাতদন্ত হবে। এ ঘটনায় এখনো মামলা হয়নি, নিহতের পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।