সিরাজগঞ্জ প্রতিনিধিঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ও বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের এমপি ও জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জের আদালতে আরো একটি মানহানির মামলা করা হয়েছে। আদালত অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন ভুইয়া এ আদেশ দেন।
মামলার বাদী জজ আদালতের অতিরিক্ত পিপি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল বলেন, মুফতি আমির হামজা সিরাজগঞ্জের কৃতী সন্তান ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক বলেছেন।
এতে আমরা ক্ষুব্ধ হয়েছি। যে কারণে ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় মামলা করেছি। টাকা দিয়ে মান হয় না, তাই মামলায় টাকার কথা উল্লেখ করা হয়নি।
বাদীপক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার (রফিক সরকার) বলেন, সব কাগজপত্র জমা দিয়ে মামলা করেছি।
বিজ্ঞ আদালত শুনানি শেষে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন। নির্ধারিত তারিখে তিনি আদালতে হাজির না হলে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে। তারিখ বিকেলে জানা যাবে।
এর আগে সোমবার (৩০ মার্চ) একই অভিযোগে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে বিএনপি নেতা অ্যাডভোকেট নাজমুল ইসলাম বাদী হয়ে আমির হামজা এমপির বিরুদ্ধে ১০০ কোটি টাকা মানহানির মামলা করেছেন।
আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।