কিশোরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে হাসপাতালে আহতদের লাইন-আহত অন্ততঃ ৩২-মাইকিং করে সতর্ক করা হচ্ছে

প্রকাশিতঃ এপ্রিল ২, ২০২৬, ১৫:১৬

মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরঞ্জের পাকুন্দিয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত হয় লাইন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। আহতদের ভীড়ে চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছে চিকিৎসকরা। তবে পাগলা কুকুরটিকে এখনো আটক করা যায়নি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রাত ৮টা পর্যন্ত ৩২জন লোক চিকিৎসা নিতে হাসপাতালে এসেছেন।

এখনও রোগী আসছেন এবং এই সংখ্যা আরো বাড়তে পারে। এদের মধ্যে ৫জন কে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর পর পাকুন্দিয়া থানা পুলিশ এবং উপজেলা প্রশাসন উপস্থিত হয়ে চিকিৎসা নিতে আসা রোগীদের সেবা নিশ্চিত করতে কাজ করছেন।

বৃহস্পতিবার (২এপ্রিল) বিকেল থেকে উপজেলার পাটুয়াভাংগা ইউনিয়নের পুলেরঘাট বাজার এলাকা থেকে একটি পাগলা কুকুর কামাড়ানো শুরু করে। সেখান থেকে ১০ কিলোমিটার পর্যন্ত পাকুন্দিয়া পৌর সদর বাজারে বিভিন্ন অঞ্চলে পথচারীদের কামড় দিয়ে আহত করে কুকুরটি।

আহতদের মধ্যে চরপাকুন্দিয়া গ্রামের সাবেক কাউন্সিলর স্বপন মিয়া (৫০), চরটেকী গ্রামের হারুন অর রশীদ (৫৫), মধ্য পাকুন্দিয়া গ্রামের আকিব আলম (১৫), ঘাগড়া গ্রামের আফরা (২০), বীরপাকুন্দিয়া গ্রামের সুমিত (১৮) ও লাবণ্য (১৫), শিমুলীয়া গ্রামের ইমরান (২২), নারান্দী গ্রামের আসমা (৩২), মানছু মিয়া (৪০) ও মোনতাজ উদ্দিন (৭০)। এছাড়াও উপজেলার বিভিন্ন গ্রামের অসংখ্য নারী-পুরুষ হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন।

পাকন্দিয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পানা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান জানান, বিকেল ৪টার দিকে পাটুয়াভাংগা ইউনিয়ন থেকে একজন চিকিৎসা নিতে আসেন। সন্ধার পর থেকে লাইন ধরে রোগী আসছে। আমাদের স্টাফ আহতের চিকিৎসা দিতে হিমিসিম খাচ্ছে। রাত ৮টা পর্যন্ত জরুরী বিভাগে ৩২জন চিকিৎসা নিতে আসেন। এদের মধ্যে ৫জন কে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, ঘটনার পর পর আমি সহ সঙ্গীয় ফোর্স নিয়ে রোগীদের সেবা নিশ্চিত করতে কাজ করছি।

এ ব্যাপারে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস বলেন, আহত সকল রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে সরকারি ব্যবস্থাপনায় ভেকসিন সহ সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে। সেই সাথে কুকুরটিকে আটকের জন্য পুলিশ কাজ করছে। পাশাপাসি মাইকিং করে লোকজন কে সতর্ক করা হচ্ছে।