নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় পুষ্টিরাজ ও আরমান ফিড মিলের পানি নিষ্কাশন অব্যবস্থাপনার প্রতিবাদ করায় পুলিশ দিয়ে এক কৃষককে হয়রানির প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরা উপজেলার ধুকুন্দি-চারাবাগ এলাকায় এই অবরোধ সৃষ্টি করে গ্রামবাসী। এতে মহাসড়কের দুইপাশে অন্তত ১০ কিলোমিটার এলাকা জুড়ে দেখা দেয় তীব্র যানজনট। পরে স্থানীয় উপজেলা ও পুলিশ প্রশাসনের দেয়া আশ্বাসের প্রেক্ষিতে সড়ক অবরোধ তুলে নেয় গ্রামবাসী।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই কৃষি নির্ভর এই এলাকায় পরিবেশের তোয়াক্কা না করেই মাছ ও মুরগীর ফিড উৎপাদন করে আসছিল পুষ্টিরাজ ও আরমান ফিড মিলস্ লি:। পাশাপাশি তাদের কারখানার পানি নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা না থাকার ফলে আশপাশের প্রায় ২০০ বিঘা কৃষি জমিতেও বাঁধাগ্রস্থ হচ্ছে চাষাবাদ। কি স্থানীয় গ্রামবাসী দীর্ঘদিন ধরে মিল কর্তৃপক্ষকে জানালেও ব্যবস্থা নেয় নি তরা। বরং বিভিন্ন সময়ে পুলিশ দিয়ে হয়রানির অভিযোগ রয়েছে মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এরই অংশ হিসেবে বুধবার (১ মার্চ) কর্তৃপক্ষের মিথ্যা অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় কৃষক শাহিন মিয়া (৪০) কে আটক করে রায়পুরা থানার নিয়ে যায় পুলিশ। এতেই বৃহস্পতিবার ক্ষিপ্ত হয়ে শাহিনের মুক্তির দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে গ্রামবাসী। তারা জানায় ফিড কোম্পানির ময়লা পানিতে তাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। কৃষি জমিতে কোন ফসলই হচ্ছে না। পাশাপাশি জোর করে তাদের জমি নিয়ে যাচ্ছে। এর প্রতিবাদ করলেই মিথ্যা মামলা দিয়ে করা হচ্ছে হয়রানি। আমরা অবিলম্বে আটক শাহিনের মুক্তি ও ফিড কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।
পরে স্থানীয় উপজেলা প্রশাসন, পুলিশ, ডিবি পুলিশ, র্যাবসহ উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছোটে আসেন। পরে তারা ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় গ্রামবাসী।
এ ব্যাপারে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা জানান, এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে কতৃপক্ষের সাথে আলোচনা করে সমস্যা সমাধান করা হচ্ছে। এছাড়া আটক কৃষক শাহিন মিয়ার জামিনের ব্যবস্থাও করা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।