ভালুকায় বনকর্মকর্তাকে হত্যার চেষ্টা: দেড় মাসেও প্রধান আসামীসহ অধিকাংশ আসামীই অধরা!

প্রকাশিতঃ এপ্রিল ১, ২০২৬, ১৮:২৫

ভালুকা,প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় মুশফিকুর রহমান মানিক নামে এক বনকর্মকর্তার উপর সন্ত্রাসী হামলার ঘটনায় দেড় মাস পার হলেও এখনো মামলার প্রধান আসামী শাকিল ঢালীসহ অধিকাংশ আসামী গ্রেফতার না হওয়ায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

জানা যায়, গত দেড় মাস আগে দায়িত্ব পালনকালে মুশফিকুর রহমান মানিক নামে এক বনকর্মকর্তার উপর অতর্কিত হামলা চালায় শাকিল ঢালীসহ একদল দুর্বৃত্ত। এসময় তাকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয় এবং হত্যার উদ্দেশ্যে তার হাত পা ভেঙে গুরুতরভাবে আহত করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী বনকর্মকর্তা মুশফিকুর রহমান মানিক বাদী হয়ে উপজেলার বাশিল গ্রামের মোর্শেদ ঢালীর ছেলে শাকিল ঢালীকে প্রধান আসামী করে ১৯ জনের নাম উল্লেখসহ ২৮/৩৪ জনের নামে ভালুকা মডেল থানায় একটি মামলা ( নম্বর ১২, তারিখ ১৬,০২,২৬ ) দায়ের করেন। তবে ঘটনার এতোদিন পার হলেও মামলার প্রধান আসামী শাকিল ঢালীসহ অধিকাংশ আসামীকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এতে করে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন এলাকাবাসী ও সহকর্মীরা।

স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থাকায় আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতারে তৎপর নয়। এতে করে বিচারহীনতার সংস্কৃতি আরও জোরদার হচ্ছে বলে মনে করছেন সচেতন মহল।

এ বিষয়ে ভুক্তভোগী বনকর্মকর্তা মুশফিকুর রহমান মানিক বলেন, “আমি আমার দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছি। অথচ এখনো কোনো আসামী গ্রেফতার হয়নি। আমি আমার নিরাপত্তা নিয়ে শঙ্কিত।”

এদিকে স্থানীয় সচেতন মহল দ্রুত আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তারা বলেন, এমন ঘটনায় দ্রুত বিচার না হলে ভবিষ্যতে সরকারি দায়িত্ব পালনকারীরা আরও ঝুঁকির মুখে পড়বেন। তিনি আরো বলেন, এদিকে মামলার আসামীরা তাদের অপরাধকে আড়াল করার জন্য, এমনকি আদালত থেকে জামিন পাওয়ার জন্য উল্টো তাদের বিরুদ্ধে মানববন্ধন করে যাচ্ছে।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ভালুকা মডেল থানার এসআই হারুন অর রশিদ জানান, ওই মামলায় দুই আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছ এবং অপরাপর আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।