সাবলেট থেকে অভিনব কায়দায় চুরি ! চোরসহ গ্রেফতার দুই

প্রকাশিতঃ এপ্রিল ১, ২০২৬, ১৬:৪৯

নূর আলম ভূইয়া: রাজধানীর বংশাল থানাধীন একটি ফ্ল্যাট বাসায় চুরির ঘটনায় নগদ টাকা, স্বর্ণালংকার উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- শেখ জালামিন (৩৪) ও মাধব চন্দ্র ধর (৬০)।

বংশাল থানা সূত্রে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি বংশাল মালিটোলা রোড মক্কা দুলারী টাওয়ার সপ্তম তলায় শেখ জালামিন (৩৪) ও তাঁর স্ত্রীকে সাবলেট হিসেবে ভাড়া দেওয়া হয়। গত ২৫ মার্চ সকালে ফ্ল্যাটের মালিক পরিবারসহ চাঁদপুরে একটি অনুষ্ঠানে যাওয়ার সময় বাসায় তাদের রেখে যান। পরবর্তীতে ২৭ মার্চ বিকেল আনুমানিক ৪ টা ১০ মিনিটে বাসায় ফিরে এসে তারা দেখতে পান, কক্ষের দরজার তালা ভাঙা। এতে তারা চুরির বিষয়টি নিশ্চিত হন। চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে নগদ ৩০ হাজার টাকা, তিনটি স্বর্ণের চেইন, চারটি রুলি, চারটি আংটি, চারটি নাকফুল, দুটি ছোট চেইন, দুই জোড়া কানের দুলসহ মোট ১১ ভরি ২ আনা ওজনের স্বর্ণালঙ্কার। এ ছাড়া একটি স্মার্টফোন, ফ্ল্যাটের দলিল, ইসলামী ব্যাংকের চেক বই এবং ব্যবসায়িক গুরুত্বপূর্ণ কাগজপত্রও নিয়ে যায় দুর্বৃত্তরা।এ ঘটনায় ভুক্তভোগী মো. সাইফুল ইসলাম সোহান বংশাল থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

বংশাল থানা সূত্রে আরো জানা যায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (৩১মার্চ) সকাল আনুমানিক সকাল ০৭:২০ ঘটিকায় বংশাল থানাধীন ফুলবাড়ীয়া মোড়ে অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত আসামি শেখ জালামিনকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে একটি মোবাইল ফোন, চেক বই ও জমির দলিল উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাতীবাজার এলাকার শরীফ জুয়েলার্সের ম্যানেজার মাধব চন্দ্র ধরকে ৮ দশমিক ৪ রতি ওজনের একটি স্বর্ণের চেইনসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।