পেট্রোল কিনে বিপদে চালকরা, ডিজেল মিশ্রণের অভিযোগে কিশোরগঞ্জে ফিলিং স্টেশন ঘেরাও —তদন্তে প্রশাসন

প্রকাশিতঃ এপ্রিল ১, ২০২৬, ১৫:১১

মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি ফিলিং স্টেশনে পেট্রোলের সঙ্গে ডিজেল মিশিয়ে বিক্রির অভিযোগে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভেজাল জ্বালানি নেওয়ার পর হঠাৎ করেই একাধিক মোটরসাইকেল চলন্ত অবস্থায় বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন চালকরা।

বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মাইজহাটি এলাকার বৈশাখী ফিলিং স্টেশনের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে।

ভুক্তভোগীরা জানান, স্টেশন থেকে জ্বালানি নেওয়ার কিছুক্ষণ পরই তাদের মোটরসাইকেল বিকল হয়ে পড়ে। রাস্তায় চলন্ত অবস্থায় গাড়ি বন্ধ হয়ে গেছে। মাঝ রাস্তায় মোটরসাইকেল বন্ধ হয়ে যাওয়ার পর চরম বিপাকে পড়তে মোটরসাইকেল আরোহীদের। এতে তারা ক্ষুব্ধ হয়ে ফিলিং স্টেশনের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানান।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি বন্ধ করে সেখান থেকে সরে যায়।

ঘটনার পরপরই পাকুন্দিয়া উপজেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপন দাসের স্বাক্ষরিত এক আদেশে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে উপজেলা কৃষি অফিসার নুর-ই-আলম, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ শফিউল্লাহ খন্দকার এবং বিএসটিআই নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. কামরুল পলাশকে সদস্য করা হয়েছে। তদন্ত কার্যক্রম সমন্বয়ের জন্য উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি অফিসার শামিমা পারভীনকে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এবিষয়ে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রূপন দাস জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। তদন্ত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।