এস.এম. হুমায়ুন কবির, কক্সবাজার জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলা কারাগারের মহিলা কারারক্ষী নং-২১৫৮৯ মোসাঃ আরজিনা খাতুন মেট্রন পদে পদোন্নতি লাভ করেছেন। এ উপলক্ষে কারাগার প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তাঁকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানানো হয়।
১ এপ্রিল আয়োজিত অনুষ্ঠানে কারাগারের জেল সুপার ও জেলার তাঁর কাঁধে ব্যাচ পরিয়ে দেন এবং ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় কারা কর্মকর্তাসহ সহকর্মীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন আরজিনা খাতুন। তাঁর পদোন্নতিকে একদিকে যেমন ব্যক্তিগত সাফল্য হিসেবে দেখা হচ্ছে, অন্যদিকে কারা ব্যবস্থাপনায় নারী কর্মকর্তাদের অংশগ্রহণ বৃদ্ধির একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবেও বিবেচনা করা হচ্ছে।
বাংলাদেশের কারা বিভাগে সাম্প্রতিক বছরগুলোতে জনবল কাঠামো সম্প্রসারণ ও পদসৃজনের উদ্যোগ নেওয়া হয়েছে, যার ফলে বিভিন্ন পদে পদোন্নতির সুযোগও বাড়ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, নারী বন্দিদের ব্যবস্থাপনা, নিরাপত্তা ও পুনর্বাসনে নারী কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে মহিলা কারারক্ষীদের পদোন্নতি ও নেতৃত্বের সুযোগ বৃদ্ধি একটি সময়োপযোগী পদক্ষেপ।অনুষ্ঠানে সহকর্মীরা বলেন, “আরজিনা খাতুন সবসময় নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর এ পদোন্নতি আমাদের জন্য অনুপ্রেরণা।”
তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি আরও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং কারাগারের শৃঙ্খলা ও মানবিক পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখবেন।কারা প্রশাসনে দক্ষ ও অভিজ্ঞ কর্মীদের মূল্যায়নের অংশ হিসেবে এ ধরনের পদোন্নতি ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে একই সঙ্গে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাগত দক্ষতার ভিত্তিতে পদোন্নতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।