সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বসতবাড়ির জমিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে পৌরসভার বলারদিয়ার মাদুর মোড় নতুন রাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন— আমিনুল ইসলাম (২৮), তার স্ত্রী সুপ্তি খাতুন (২৩) এবং মা খুদেজা বেগম (৬৫)। গুরুতর আহত স্বামী-স্ত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একই এলাকার জিয়াউল হক ও আমিনুল ইসলামের সঙ্গে প্রতিবেশী রফিকুল ইসলামের বসতবাড়ির জমি নিয়ে বিরোধ চলছিল। একপর্যায়ে বিরোধপূর্ণ জমিতে দখল নেওয়ার চেষ্টা করলে ভুক্তভোগীরা আদালতের শরণাপন্ন হন। আদালত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই জমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন।
অভিযোগ রয়েছে, মঙ্গলবার বিকেলে আদালতের ওই নিষেধাজ্ঞা অমান্য করে রফিকুল ইসলাম ও তার লোকজন জোরপূর্বক ঘর নির্মাণ শুরু করেন। এ সময় বাধা দিতে গেলে আমিনুল ইসলামকে বেধড়ক মারধর করা হয়। তার চিৎকারে স্ত্রী ও মা এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। ভুক্তভোগীদের অভিযোগ, এ সময় শ্লীলতাহানির ঘটনাও ঘটে।
এ ঘটনায় মঙ্গলবার রাতেই জিয়াউল হক বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আদালতের নিষেধাজ্ঞা অমান্য: সরিষাবাড়ীতে জমি নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৩
প্রকাশিতঃ এপ্রিল ১, ২০২৬, ০৯:৩০