সিংগাইরে  ৭ ইটভাটাকে  ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা

প্রকাশিতঃ মার্চ ৩১, ২০২৬, ০৯:৩০

রিপন মিয়া , সিংগাইর( মানিকগঞ্জ) থেকে   : কৃষিজমির উর্বর উপরের মাটি বা টপসয়েল কেটে ইট তৈরির অভিযোগে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় সাতটি ইটভাটাকে মোট ১৯ লাখ টাকা জরিমানা করেছেন  পরিবেশ অধিদপ্তর। সোমবার (৩০ মার্চ)  দিনব্যাপী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় এক শ্রেণির অসাধু ইটভাটা মালিক কৃষিজমির টপসয়েল কেটে ইট উৎপাদন করে আসছিল। এতে জমির উর্বরতা হ্রাস পাচ্ছে, ফসল উৎপাদন কমছে এবং পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

পরিবেশ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, “কৃষিজমির টপসয়েল কাটা সম্পূর্ণ বেআইনি। এ ধরনের কর্মকাণ্ড দেশের খাদ্য নিরাপত্তা এবং পরিবেশের জন্য হুমকি। আমরা কঠোর অবস্থানে আছি এবং নিয়মিত অভিযান চালানো হবে।”
জানা গেছে, জরিমানা করা ইটভাটাগুলো হচ্ছে – গাড়াদিয়ার মেসার্স এ এ বি অ্যান্ড কোং ৩ লাখ ৫০ হাজার টাকা, গোবিন্দলের জে বি সি ব্রিকস ২ লাখ টাকা, বেরুন্ডীর কে এফ সি ব্রিকস ৪ লাখ টাকা, খোলাপাড়ার মেসার্স সোহান ব্রিকস ৪ লাখ টাকা, রামকান্তপুরের মেসার্স কে বি সি ব্রিকস-১ ও মেসার্স কে বি সি ব্রিকস-২ প্রত্যেক ১ লাখ ৫০ হাজার টাকা এবং একই এলাকার মেসার্স এম আর এম ব্রিকস ২ লাখ ৫০ হাজার টাকা। অভিযুক্ত মালিকরা জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করেছেন।
অভিযানটি বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ২০১৯-এর ধারা ৫(১) লঙ্ঘনের দায়ে ধারা ১৫(১) অনুযায়ী পরিচালিত হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন- পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন- সহকারী পরিচালক মোজাফফর খান।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, কৃষিজমি রক্ষা এবং পরিবেশ সংরক্ষণে ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।