কিশোরগঞ্জের মিঠামইনে নিহত আইয়ুব আলী হত্যা মামলা নিয়ে থানার গড়িমসি

প্রকাশিতঃ মার্চ ৩০, ২০২৬, ১৬:২৩

 

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার পূর্ব বিরোধে নিহত আইয়ুব আলী (৫০) হত্যা মামলা নিয়ে থানা পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। গত ২৪ মার্চ রাতে উপজেলার হেমন্তগঞ্জ গ্রামে বাদশা মিয়ার পুত্র আইয়ুব আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। ঘটনার এক সপ্তাহ পার হলেও থানা পুলিশ কোন মামলা রেকর্ড করেনি।
স্থানীয় এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, স্থানীয় কাশেম চেয়ারম্যান গ্রুপের লোকজন আইয়ুব আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে। নিহতের ছেলে জিয়াউর রহমান ও ভাতিজা বুলবুলের অভিযোগ পূর্ব শত্রুতার জেরে চেয়ারম্যান গ্রুপের লোকজন মিট মিমাংসার কথা বলে ঘটনার দিন রাতে আইয়ুব আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে হেমন্তগঞ্জ রাস্তার পাশে তার লাশ পাওয়া যায়।
উল্লেখ্য যে, হত্যার ঘটনার আগের দিন ২৩ মার্চ চেয়ারম্যান কাশেম গ্রুপ ও নাজির গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় আসাদ (৩৫) ও কাতল মিয়া (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। এছাড়াও গুরুতর আহত আরও ৫ জন কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় এলাকাবাসী জানান, ঈদের আগে থেকেই এলাকার প্রভাবশালী কাশেম চেয়ারম্যান ও তার লোকজন প্রতিপক্ষের আইয়ুব আলী সহ তার লোকজনকে প্রকাশ্য দিবালোকে হত্যা করার পরিকল্পনা করে আসছিল। তবে তাদের সেই পরিকল্পনা ব্যর্থ হওয়ায় ২৪ মার্চ মঙ্গলবার রাতে পরিকল্পিতভাবে আইয়ুব আলীকে হত্যা করা হয়।
এ ব্যাপারে মিঠামইন থানার অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলীর কাছে জানতে চাইলেন তিনি জানান, হত্যা ঘটনার ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেয়া হয়েছে। তবে লাশের ময়না তদন্ত রিপোর্টে বিষয়টি পরিস্কার হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।