বংশালে পুলিশের ওপর হামলা চালিয়ে পালানোর চেষ্টা: অস্ত্রসহ চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশিতঃ মার্চ ২৯, ২০২৬, ১৬:২৩

সাকিলা সুলতানা : রাজধানীর বংশালে জীবনের ঝুঁকি নিয়ে সাহসিকতার পরিচয় দিয়ে এক চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ছিনতাইকারীর নাম মোঃ সাগর আহম্মেদ (৩০)। অভিযানে তার কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে। গ্রেফতারের সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
​ঘটনার বিবরণ: বংশাল থানা সূত্রে জানা যায়, শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত আনুমানিক ০২:৩০ ঘটিকায় বংশাল সড়ক এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল বংশাল পুলিশ ফাঁড়ির একটি দল। স্থানীয় একটি দোকানের সামনে সন্দেহভাজন সাগরের দেহ তল্লাশি করতে গেলে সে হঠাৎ তার প্যান্টের পকেট থেকে একটি সুইচ গিয়ার চাকু বের করে পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।
​আহত ও চিকিৎসা: ছিনতাইকারীর আকস্মিক হামলায় টহল দলের তিন পুলিশ সদস্য আহত হন। পরবর্তীতে পুলিশ অত্যন্ত কৌশলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধস্তাধস্তির সময় অভিযুক্ত সাগরও সামান্য আহত হয়। আহত পুলিশ সদস্যদের তাৎক্ষণিকভাবে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
​দাগী অপরাধী:
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃত সাগর একজন পেশাদার ও দাগী অপরাধী। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় চুরি ও ছিনতাইসহ ছয়টি মামলা রয়েছে।
​বংশাল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।