রাজধানীতে সাড়ে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রকাশিতঃ মার্চ ২৬, ২০২৬, ১৫:৫৬

সাকিলা সুলতানা : রাজধানীর শাহজাহানপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
​গ্রেফতারকৃতরা হলেন— মিনা আক্তার (৩৫) ও মোঃ খায়রুল ইসলাম (২২)।
​অভিযানের বিবরণ:
সিটিটিসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৫ মার্চ) রাত আনুমানিক ৮:৫০ মিনিটে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের একটি বিশেষ টিম কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় তল্লাশি চালিয়ে উল্লেখিত পরিমাণ গাঁজাসহ ওই দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
​প্রাথমিক জিজ্ঞাসাবাদ:
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, মিনা আক্তার তার সহযোগী খায়রুল ইসলামের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও সিলেটসহ দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করতেন। পরবর্তীতে এসব মাদক ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি দরে বিক্রি করা হতো।
​আইনি ব্যবস্থা:
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহজাহানপুর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকের বিস্তার রোধে ডিএমপির এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।