রিপন মিয়া,সিংগাইর (মানিকগঞ্জ) থেকে : সিংগাইরের ধল্লা ভাষা শহীদ রফিক সেতু, শোল্লা ব্রিজ, জামশা ব্রিজ ও কাংশা ব্রিজ এলাকায় ঈদের দিন থেকেই শুরু হয়েছে বিনোদনপ্রিয় মানুষের উপচে পড়া ভিড়। ঈদুল ফিতরকে ঘিরে প্রতিবছরের মতো এবারও রাজধানীসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে হাজারো দর্শনার্থী এসব স্থানে ভিড় জমিয়েছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে আনন্দঘন সময় কাটাতে মানুষের অবিরাম আনাগোনা লক্ষ্য করা গেছে।
নদীঘেঁষা এসব স্থানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ, নৌকা ভ্রমণ, খোলা আকাশের নিচে সময় কাটানো এবং ছবি তোলার প্রতি দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ দেখা গেছে। এতে পুরো এলাকা যেন পরিণত হয়েছে এক মিলনমেলায়। স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরাও অস্থায়ী দোকান বসিয়ে খাবার, খেলনা ও নানা পণ্য বিক্রি করছেন, যা তাদের জন্য বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি করেছে।
ঢাকা থেকে ঘুরতে আসা দর্শনার্থী রায়হান বলেন, “ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে এমন সুন্দর পরিবেশে সময় কাটাতে পেরে খুব ভালো লাগছে। এখানে প্রকৃতির কাছাকাছি আসা যায়।” স্থানীয় বাসিন্দা বিপাশা বলেন, “প্রতিবছরই ঈদের সময় এখানে ভিড় হয়, তবে এবার মানুষের সংখ্যা আরও বেশি মনে হচ্ছে।” আরেক দর্শনার্থী আবুল হোসেন জানান, “বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে বেশ আনন্দ পাচ্ছি, তবে ভিড়ের কারণে একটু অসুবিধাও হচ্ছে।”
এ ব্যাপারে থানার ওসি মো: মাজাহারুল ইসলাম বলেন, অতিরিক্ত ভিড়ের কারণে কিছু এলাকায় যানজট ও নিরাপত্তা ঝুঁকি দেখা দিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি জোরদার করেছে এবং দর্শনার্থীদের শৃঙ্খলা বজায় রেখে নিরাপদে চলাচলের আহ্বান ওসি ।