মো. মঞ্জুর মোল্লা: কুমিল্লায় ট্রেন ও বাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর প্রায় তিন ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকে। গতকাল শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া এলাকার পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভারের নিচে এই দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বন্দর নগরী চট্টগ্রাম থেকে ঢাকাগামী ছেড়ে আসা ‘চট্টগ্রাম মেইল’ ট্রেনটি পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা অতিক্রম করছিল। এ সময় একটি যাত্রীবাহী বাস রেললাইন পার হচ্ছিল।
চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মামুন পরিবহনের এই বাসটি নোয়াখালী যাচ্ছিল। এ সময় দ্রুতগতির ট্রেনটি বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি ট্রেনের ইঞ্জিনের সঙ্গে আটকে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর বাসটিকে প্রায় এক কিলোমিটার ট্রেনের সঙ্গে টেনে নিয়ে যায়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কয়েকজন যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত ব্যক্তিদের স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
কুমিল্লা সদর দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) জনি বড়ুয়া গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন ঘটনাস্থলে এবং অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।