পটিয়ায় এসএসসি ‘৯৪ ব্যাচের ইফতার মাহফিল ও মিলনমেলা সম্পন্ন

প্রকাশিতঃ মার্চ ২০, ২০২৬, ১৩:০১

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী: চট্টগ্রামের পটিয়ার ঐতিহ্যবাহী ‘বৃহত্তর পটিয়া এসএসসি ৯৪’ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এক ইফতার, দোয়া মাহফিল ও বর্ণাঢ্য মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ মার্চ) পটিয়া সদরের গাজী কনভেনশন হলে অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই আয়োজন সম্পন্ন হয়।​ পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত বন্ধুরা নিজ জন্মস্থানে একত্রিত হওয়ার সুযোগে এই মিলনমেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে পটিয়ার বিভিন্ন বিদ্যালয়ের প্রায় দুই শতাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। দীর্ঘ সময় পর পুরনো বন্ধুদের কাছে পেয়ে একে অপরের সাথে স্মৃতিচারণে মেতে ওঠেন, যা অনুষ্ঠানস্থলকে এক আনন্দঘন ও আবেগপূর্ণ পরিবেশে পরিণত করে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মুহাম্মদ ফারুক। এরপর দেশ ও জাতির কল্যাণ, প্রয়াত বন্ধুদের আত্মার মাগফিরাত এবং অসুস্থ বন্ধুদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মীর সাইফুর। মোনাজাতে সকল বন্ধু ও তাদের পরিবারের সমৃদ্ধি কামনা করা হয়। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, বন্ধুদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে যে সময়ের ব্যবধানেও বন্ধুত্বের বন্ধন ম্লান হয় না। এই ধরনের আয়োজন বন্ধুদের মধ্যকার ভ্রাতৃত্ববোধকে আরও সুসংহিত ও অটুট রাখবে। ইফতারের মাধ্যমে শুরু হওয়া এই আয়োজন মাগরিবের নামাজ পরবর্তী নৈশভোজ এবং ফটোশুটের মধ্য দিয়ে অত্যন্ত সফলভাবে সমাপ্ত হয়। উপস্থিত বন্ধুরা এই মিলনমেলাকে তাদের জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবে অভিহিত করেন।