গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় অপূর্ব চন্দ্র দাস (৩) এবং দুরন্ত চন্দ্র (৪) নামের দুই শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের চুনিয়াকান্দি গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শ্রী সুমঙ্গল।
অপুর্ব চন্দ্র ওই গ্রামের গৌতম চন্দ্র দাসের ছেলে এবং দুরন্ত চন্দ্র একই গ্রামের নর চন্দ্র দাসের ছেলে।
গাইবান্ধা সদর থানার উপ-পুলিশ পরিদর্শক পিযুষ কুমার স্থানীয়দের বরাত দিয়ে জানান, আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশে মন্দির চত্বরে অপূর্ব ও অনুরুদ্ধসহ কয়েকজন শিশু খেলছিল। এরই মধ্যে দুরন্ত ও অপূর্ব বোতলে পানি আনতে মন্দিরের পাশে পুকুরে যায়। বাকি শিশুরা খেলার একপর্যায়ে তারা নিজ নিজ বাড়িতে চলে যায়। এদিকে দুই শিশু দীর্ঘ সময় বাড়িতে না আসায় তাদের পরিবার ও স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে তার সহপাঠীদের কাছে জানতে পারে, অপুর্ব ও দুরন্ত বোতলে পানি আনতে মন্দিরের পাশের পুকুরে গিয়েছিল। তাৎক্ষণিক পরিবারের লোকজন গিয়ে পুকুরে নেমে ওই দুই শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করে।
গাইবান্ধা সদর থানার ওসি তদন্ত শ্রী সুমঙ্গল বলেন, বাদিয়াখালি ইউনিয়নের চুনিয়াকান্দি এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সেখানে পুলিশ সদস্য পাঠানো হয়েছে।