মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি: সদ্য মেডিকেল কলেজে ভর্তি হওয়া মেধাবী শিক্ষার্থী সানজিদা আক্তার মাবিয়া কে আর্থিক সহায়তা দিয়েছে পাকুন্দিয়া উপজেলা প্রশাসন।
বুধবার (১৯মার্চ) পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস তাঁর নিজ কার্যালয়ে ওই শিক্ষার্থীর হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
মেধাবী শিক্ষার্থী সানজিদা আক্তার মাবিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী পূর্বপাড়া গ্রামের আঃ মান্নান এবং মর্জিনা আক্তার দম্পত্তির মেয়ে। সে এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। ভর্তি পরীক্ষার ফলাফলে সম্মিলিত মেধা তালিকায় ১৮১.৭৫ নম্বর পেয়ে সে ৮৫৭তম স্থান অধিকার করেছে।
এর আগে ওই শিক্ষার্থী হোসেন্দী শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি ও পাকুন্দিয়া সরকারি কলেজ থেকে এইচ এস সি পরীক্ষায় অংশগ্রহন করে জিপিএ-৫ পেয়েছিল।
মেধাবী শিক্ষার্থী সানজিদা আক্তার মাবিয়া জানান, সফলতার পেছনে সবচেয়ে বেশী অবদান রেখেছেন তার মা মর্জিনা আক্তার। অনেক কষ্ট করে পড়াশোনা করিয়ে এ পথ পাড়ি দিতে শক্তি ও সাহস যোগিয়েছেন। তিনি মানবিক ডাক্তার হয়ে সাধারণ মানুষের পাশে থাকতে চান।
এ ব্যাপারে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস বলেন, উপজেলা প্রশাসন মেধাবী শিক্ষার্থীদের সবসময় পাশে রয়েছে। সাধারণ পরিবারে বেড়ে উঠা সানজিদা মেডিকেল কলেজে ভর্তি হওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমেই তাকে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে তাকে কিছু আর্থিক সহায়তাও প্রদান করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের সহায়তা অব্যহত থাকবে।