স্টাফ রিপোর্টার : রাজধানীর তেজগাঁও সরকারি শিশু পরিবার নিবাস অডিটোরিয়ামে বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেউসি)-এর উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার, দোয়া মাহফিল ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ বেলাল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকরা কেবল সংবাদের পেছনে ছোটেন না, বরং তারা সমাজের অভিভাবক হিসেবেও কাজ করেন। আজকের এই আয়োজন প্রমাণ করে যে মানুষের কল্যাণে সাংবাদিকরা সবসময়ই নিবেদিতপ্রাণ। সরকারি শিশু পরিবারের শিশুদের সঙ্গে ইফতার ভাগ করে নেওয়া এবং অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ একটি অত্যন্ত মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ। বিজেইউসির এই কার্যক্রম সমাজের বিত্তবানদেরও সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিজেইউসির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং দৈনিক স্বদেশ বিচিত্রার উপদেষ্টা সম্পাদক সাব্বির আহমেদ রনি। বিজেইউসির কার্যকরী সভাপতি কবি রাজু আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিক নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেন। বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য মীর আব্দুল আলিম বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে আর্তমানবতার সেবায় এগিয়ে আসা বর্তমান সময়ে অত্যন্ত জরুরি। নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ডক্টর আফরোজা পারভীন এবং টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব কবি অশোক ধরও অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার মহাসচিব মইনুর রশিদ চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ রবিউল হোসেন রবি, বিজেইউসির আজীবন সদস্য হাজী মনির হোসেন এবং মানবাধিকার খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক রিয়াজউদ্দিন আহমেদ। সংগঠনটির প্রতিষ্ঠাতা মহাসচিব মোঃ মোক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম সীমান্ত, ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক মোঃ জামাল হোসেন আলম, দপ্তর সম্পাদক শাহাবুদ্দিন মাসুদ, মানবাধিকার সম্পাদক রফিকুল ইসলাম জুয়েল এবং নির্বাহী সদস্য মোঃ মইনুদ্দিন উজ্জ্বলসহ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও দেশের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এরপর তেজগাঁও সরকারি শিশু পরিবারের নিবাসী ও অসহায় মানুষের হাতে ঈদের খাদ্য সামগ্রী উপহার হিসেবে তুলে দেন অতিথিরা।